> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/1.0.0.part1intro/1.6.0.permission/1.6.6.chowngrp.md).

# ওনার ইউজার ও গ্রুপ পরিবর্তন

কোনো ফাইল বা ডিরেক্টরির মালিকানা পরিবর্তনের দুটো কমান্ড আছে। **chown** ও **chgrp**। অবশ্য **chown** একাই ওনার ইউজার ও গ্রুপ পরিবর্তনে সক্ষম। **chgrp** শুধু ওনার গ্রুপ পরিবর্তন করতে পারে। তবুও কখনো কখনো **chgrp** ব্যবহার করা হয় সরল কাঠামোর জন্য। প্রথমে দেখা যাক **chgrp** এর ব্যবহার:

```
me@howtocode-pc:~$ > foo.txt
me@howtocode-pc:~$ ls -l foo.txt 
-rw-rw-r-- 1 me me 0 Oct  7 22:51 foo.txt
me@howtocode-pc:~$ chgrp video foo.txt 
me@howtocode-pc:~$ ls -l foo.txt 
-rw-rw-r-- 1 me video 0 Oct  7 22:51 foo.txt
```

প্রথমে আমরা foo.txt নামের একটি ফাইল তৈরী করেছি। তারপর `ls -l foo.txt` কমান্ড দিয়ে দেখলাম এটির মালিক ইউজার me এবং মালিক গ্রুপও me নামের একটি গ্রুপ। এখন আমরা video নামের একটি গ্রুপকে মালিকানা দিতে চাই। তাই `chgrp video foo.txt` কমান্ডটি দিয়েছি। অর্থাৎ chgrp এর কমান্ড কাঠামোটি হল:

```
chgrp group_name file_or_directory...
```

এরপর আমরা আবার `ls -l foo.txt` কমান্ড দিয়ে দেখলাম যে গ্রুপ পরিবর্তিত হয়ে video হয়ে গেছে।

**chown** কমান্ডটি ব্যবহার করতে সুপারইউজার বা রুট পারমিশন প্রয়োজন হয়। এর কমান্ড কাঠামোটি এরকম:

```
chown owner:group file_or_directory...
```

এই **owner:group** এর জায়গায় শুধু ওনার এর নাম বা ':' চিহ্নের পর শুধু গ্রুপের নাম বা মাঝখানে ':' চিহ্ন রেখে ইউজার ও গ্রুপ দুটোর নামই দেয়া যায়। আসুন এর আর্গুমেন্টের কয়েকটা উদাহরণ দেখা যাক:

| আর্গুমেন্ট | রেজাল্ট                                                                                             |
| ---------- | --------------------------------------------------------------------------------------------------- |
| bob        | ফাইলটির ওনার ইউজার হবে bob নামের ইউজার। ওনার গ্রুপ অপরিবর্তিত থাকবে।                                |
| bob:users  | ফাইলটির ওনার ইউজার হবে bob এবং ওনার গ্রুপ হবে users নামের গ্রুপ।                                    |
| :admins    | ফাইলটির ওনার ইউজার অপরিবর্তিত থাকবে কিন্তু ওনার গ্রুপ হবে admins।                                   |
| bob:       | ফাইলটির ওনার ইউজার হবে bob এবং গ্রুপ হবে bob এর লগিন গ্রুপ, যেটি কিনা সাধারনত তার নামের গ্রুপটি হয়। |
